সহজ জয়ে তৃপ্ত হয় না লিভারপুল। তাইতো হাতের মুঠোয় থাকা ম্যাচকেও কঠিন করে তুলবে। তারপর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে আনাই তাদের চিরায়ত অভ্যাস। ইংলিশ প্রিমিয়ার লিগে কাল নিউক্যাসেলের সেরকমই একটি জয় পেয়েছে অল রেডসরা।
লিগের ইতিহাস গড়া ম্যাচে নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচে লিভারপুলের এক্সপেক্টেড গোলের হার ছিল ৭.৫৩। তবুও লিভারপুল গোল করেছে মোটে ৪টি। হজম করেছে ২টি। নতুন বছরের সূচনাটা হয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে। তবে এমন রাতেও আক্ষেপ মোহাম্মদ সালাহর। পেনাল্টি মিস করে হ্যাটট্রিকটাই হাতছাড়া হলো তার।
নিউক্যাসেলের বিপক্ষে লিভারপুলের শুরুটা ছিল পুরোপুরি আগুন ঝরানো। প্রথমার্ধে ১৮টি শট নিয়েছে তারা। কিন্তু গোলের দেখা পায়নি। ৬ গোলের ম্যাচটায় প্রথমার্ধ ছিল গোলশুন্য। ২২তম মিনিটে আবার সালাহ মিস করেছেন পেনাল্টিও। তবে দ্বিতীয়ার্ধে হতাশ করেননি তিনি। এদিন লিভারপুলের জার্সিতে রেকর্ড ১৫০তম গোলের দেখাও পেয়েছেন সালাহ।
৪৯ মিনিটে লিভারপুলকে লিড এনে দেন মিশরীয় এই ফরোয়ার্ড। লুইজ দিয়াজের পাস ধরে ডান দিক থেকে সালাহর উদ্দেশ্যে নিঃস্বার্থ পাস বাড়ান নুনিয়েজ। নিখুঁত টোকায় সে বল জালে জড়ান সালাহ। অবশ্য পাঁচ মিনিট পরই সমতায় ফেরে নিউক্যাসেল। এই মৌসুমে দলটির বড় তারকা অ্যান্থনি গর্ডন থ্রু পাস বাড়ান, অফসাইডের ফাঁদ ভেঙে কোনাকুনি শটে বল জালে জড়ান ইসাক।
৭৪ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় অল রেডরা। বদলি নামা দিয়োগো জোটার পাস গোল বারের সামনে পেয়ে জালে বল জরান লিভারপুলের লোকাল বয় কার্টিস জোন্স। এর চার মিনিট পরই ব্যবধান ৩-১ করেন কোডি গাকপো। সালাহর ক্রস থেকে আলতো টোকায় ঠিকানা খুঁজে নেন তিনি।
এরপরেই নাটকের পরের অঙ্ক শুরু। ৮১ মিনিটে ওভারল্যাপে উঠে আসা সিভেন বোটমানের গোল আবারও অস্বস্তিতে ফেলে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের। কর্নার থেকে আসা বলে হেডে গোল করেন এ ডাচ ডিফেন্ডার। ৩-২ গোলের ব্যবধান বাড়ে ৮৭ মিনিটে। বক্সে ফাউলের শিকার হন জোটা। যদিও সেখান থেকে পাওয়া পেনাল্টি নিয়ে বেশ বিতর্কই চলছে। তবে সেই পেনাল্টি থেকে লিভারপুলের জন্য কাজের কাজটা করে দিয়েছেন সালাহ।
এবারের মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ১৮টি গোল করেছেন সালাহ। সেই সালাহ জাতীয় দলের হয়ে কিছু জিততেই উদ্গ্রীব হয়ে আছেন। কাল রাতের ম্যাচের পর স্কাই স্পোর্টসে সেটিই বললেন মিসরীয় তারকা, ‘আমি (আফ্রিকা কাপ অব নেশনস) জিততে চাই। জাতীয় দলে খেলাটা অনেক বড় কিছু।’
সোমবারের ম্যাচে নিউক্যাসলের গোলে ৩৪টি শট নিয়েছে লিভারপুল। যা কিনা প্রিমিয়ার লিগে যৌথভাবে রেকর্ড। ঘরের মাঠে টানা ২২ ম্যাচে অপরাজিত দলটির কোচ ক্লপও মুগ্ধ দলের খেলায়, ‘আমার দল অসাধারণ খেলেছে। অসাধারণ ম্যাচ। যে গোলগুলো খেয়েছি, সেগুলো বাদ দিলে এ ম্যাচের অনেক কিছুই আমার মনের মতো হয়েছে।’
এ জয়ে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করলো লিভারপুল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান ম্যানচেস্টার সিটির। ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে নয় নম্বরে অবস্থান করছে নিউক্যাসেল।