দুর্নীতিবিরোধী বর্ষসেরা পুরস্কার পেলেন তিন সাংবাদিক

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) তিনটি শাখায় সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার দিয়েছে। 

সোমবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে দুদক বিটের সংগঠন রিপোর্টার অ্যাগেইনেস্ট করাপশন (র‌্যাক) আয়োজিত ‘এমজিআই-র‌্যাক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড -২০২৩’ এর পুরস্কার প্রদান করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

এবার অনলাইন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক এফ এম আবদুর রহমান মাসুম, প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিবেদক নুরুজ্জামান লাবু ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে মাই টিভির সিনিয়র রিপোর্টার মাহবুব সৈকতের হাতে পুরস্কার তুলে দেন দুদক চেয়ারম্যান। ৩ জনকেই  সম্মাননা ক্র্যাস্ট, সনদ এবং নগদ এক লাখ টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে দুদক সচিব মো. মাহবুব হোসেনসহ কমিশন ও র‌্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।