‘ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে নৌকায় ভোট দিন’

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে নৌকায় ভোট দিন। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের ক্রীড়াঙ্গনে নতুন করে সাজিয়ে দেশকে বিশ্ব দরবারের মাথা উঁচু করে দাঁড় করিয়েছে।’

মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নেই উল্লেখ করে তিনি আরো বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনই পাড়ে মাদকমুক্ত সমাজ গড়তে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজিয়েছেন।’

আজ মঙ্গলবার দিনাজপুর স্পোটস ভিলেজ মাঠে দিনাজপুর ক্রীড়া পরিবারের আয়োজনে নির্বাচনী জনসভায় এ সব কথা বলেন ইকবালুর রহিম। দ্বাদশ নির্বাচনে তিনি দিনাজপুর-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী।

৭ জানুয়ারী নির্বাচনে নৌকার ভোট চেয়ে তিনি বলেন, অতীতের কোনো ‘সরকারই ক্রীড়াকে সর্বক্ষেত্রে মুখরিত করেনি। বর্তমান সরকার করেছে।’

অনুষ্ঠানে দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শফিকুল হক ছুটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুব্রত মজুমদার ডলার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল জলিল, জিনাত আরা চৌধুরী মিলি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক কৃতি খেলোয়াড় রওশন আরা ছবি, ক্রীড়া সংগঠক ডা. ইলিয়াস আলী খান এডিন, সাবেক জাতীয় (এ) ক্রিকেট দলের খেলোয়ার মিজানুর রহমান পাটোয়ারী বাবু, দিনাজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু প্রমুখ।