রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসককে ফোন করে ভয়ভীতি ও বদলির হুমকির দেওয়ার অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের আদেশক্রমে উপসচিব (আইন) মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
লক্ষ্মীপুর-১ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন ৩০ ডিসেম্বর লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ০১৯০৪৮-৩১৮৮৪ ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অকথ্য আপত্তিকর ও অশোভন বক্তব্য প্রদান করেন। রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে ৩ দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়-ভীতি ও হমকি প্রদান করেন তিনি। সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি ৩১ ডিসেম্বর ওই প্রার্থী নির্বাচনি আচরণ বিধিলঙ্ঘন ও নির্বাচনি অপরাধে জড়িত থেকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ করেছেন বলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠায়।
গতকাল সোমবার মোহাম্মদ হাবিবুর রহমান পবনের আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শুনে ইসি। ওই শুনানি বিকাল ৩টায় শুরু হলেও ২২ মিনিট পর হাজির হন প্রার্থী। ওইদিন শুনানি হলেও আজ রায় দিল কমিশন।