পবিত্র নগরী মক্কায় ওমরাহ পালনকারী মুসল্লিদের মাস্ক পরিধানের নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের নতুন উপধরন জেএন ওয়ান ছড়িয়ে পড়ায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট যেন ছড়িয়ে না পড়ে, এজন্য মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে অবস্থানকারী মুসল্লিদের মাস্ক পরিধান করার পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি আরবের পাবলিক সিকিউরিটি পরিচালক এক বার্তায় এ নির্দেশনা দেন। এক সপ্তাহ আগে সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে করোনা ভাইরাসের নতুন উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে। তবে এ নিয়ে আতঙ্কের কিছু নেই।
করোনা মহামারি শেষ হওয়ার পর পবিত্র নগরী মক্কা এবং মদিনায় মুসল্লিদের ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি কর্তৃপক্ষ। এর ফলে গত বছর ১৮ লাখ মুসল্লি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার সুযোগ পান। গত তিন বছর করোনার কারণে নিষেধাজ্ঞা থাকায় অনেকে হজে যেতে পারেননি।
পবিত্র হজ শেষ হওয়ার পরই ঘোষণা করা হয় ওমরাহ হজের মৌসুম। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহ মৌসুমে প্রায় ১০ লাখ মুসল্লি পবিত্র দুই নগরী মক্কা ও মদিনা ভ্রমণ করেন।