ঢাকা-১৯ আসনে (সাভার-আশুলিয়া) পুলিশের উপস্থিতিতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং মুরাদের সমর্থকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও নারীদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. এনামুর রহমানের সমর্থকদের বিরুদ্ধে। সোমবার রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের নবি চাঁন ও সামাদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় রাতেই ভুক্তভোগীরা সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করতে যায়। এসময় পুলিশ তাদের অভিযোগ না নিয়ে উল্টো তাদের বিরুদ্ধে কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগ তুলে ।
হামলায় আহত নবি চাঁনের স্ত্রী চায়না বেগম বলেন, সোমবার রাত দশটার দিকে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডলের অনুসারী ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সজিবের নেতৃত্বে মনির, রবিউল, মুরাদ, রানাসহ আট দশজনের একটি সন্ত্রাসী বাহিনী পুলিশের উপস্থিতিতে আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় তারা ঘরবাড়ি ভাঙচুরসহ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। তাদের সন্ত্রাসী কার্মকান্ডে বাধা দিলে আমাকেও মারধর করা হয়।
বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য বেলাল মেম্বার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় ভাবে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।
সাভার মডেল থানার ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মোকলেছুর রহমান বলেন, হামলার পরে ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি মোটরসাইকেলস উদ্ধার করা হয়। পরে যাদের মোটরসাইকেল তাদের দেওয়া হয়েছে। কয়েকজন যুবক মদ খেয়ে উল্টো পাল্টা কাজ করেছে।