থার্টি ফাস্ট নাইটে মুখে অকটেন নিয়ে আগুন ধরানোর সময় দগ্ধ হওয়া রহমত উল্লাহ সিয়াম (১৩) মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছে তিনি। তার শরীরের ৮৮ শতাংশ দগ্ধ ছিল। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে মুন্সীগঞ্জের শ্রীনগরে মরদেহ দাফন করা হয়েছে।
এর আগে রাজধানীর কামরাঙ্গীরচর মজিবর ঘাট এলাকার ৫ নম্বর গলির একটি বাসার ছাদে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার সময় আগুন ধরে যায় তার শরীরে। আর সেই আগুন নেভাতে গিয়ে সামান্য দগ্ধ হয় তার দুই চাচা রাকিব (১৭) ও রায়হান (১৭)।
মৃত সিয়ামের বাবা স্বপন ব্যাপারী জানান, বার্ন ইনস্টিটিউটে সোমবার রাতে মারা যায় সিয়াম। মঙ্গলবার ভোরে মরদেহ হাসপাতাল থেকে মুন্সীগঞ্জে নিয়ে যাওয়া হয়।
ঘটনার রাতে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা দগ্ধ রাকিবের খালাতো ভাই মো. সজিব জানান, মজিবর ঘাট ৫ নম্বর গলিতে থাকেন তারা। সেখানে একটি বাড়ির পাঁচতলার ছাদে তারা থার্টিফাস্ট নাইট উদযাপন করছিলো। সিয়াম মুখে অকটেন নিয়ে আগুন জ্বালাচ্ছিল। তখনই অসাবধানতাবশত তার শরীরে অকটেন পড়লে আগুন ধরে যায়। তখন সেই আগুন নেভাতে গিয়ে সেখানে থাকা রাকিব-রাইয়ান কিছুটা দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
সামান্য দগ্ধ হওয়া কারখানা শ্রমিক রাকিব এবং রায়হানকে চিকিৎসা শেষে ওই রাতেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
স্বজনরা জানান, সিয়াম চানখারপুল এলাকায় একটি মোটরসাইকেলের ওয়ার্কশপে কাজ করতো।