দুই বছর বয়সী এক শিশুকে গলা টিপে খুন করার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুর বাবা ও দাদু থানায় গিয়ে অভিযোগ করেছেন। জানিয়েছেন, পারিবারিক কলহের কারণে ওই নারীর রাগান্বিত অবস্থায় ছিলেন। ঘটনাটি ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলার।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মায়ের নাম আফসানা। ছয় বছর আগে নিজামুদ্দিন নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল তার। তাদের সংসারে দুই সন্তান ছিল। এক জনের বয়স চার এবং এক জনের বয়স দুই।
গত বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল আফসানার। রাগের মাথায় ছোট ছেলেকে নিয়ে তিনি ঘরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। এ সময় কারো সঙ্গে ফোনে কথা বলছিলেন। ঠিক সেই সময়ে শিশুটি কেঁদে ওঠে। চিৎকার করে কাঁদতে শুরু করে সে। কিছুতেই থামছিল না।
অভিযোগ উঠেছে, রাগের মাথায় তখনই শিশুর গলা টিপে ধরেন মা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার পরেও অনেক ক্ষণ দরজা বন্ধ করে রাখেন আফসানা। রাতে ঘুমাবার সময় দরজা খোলেন। তখন স্বামী ঘরে ঢুকে শিশুকে অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে পরিবারের অভিযোগের ভিত্তিতে আফসানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও তিনি পুলিশকে অন্য কথা জানিয়েছেন। তার দাবি, বিরক্ত হয়ে শিশুকে ধাক্কা মেরেছিলেন। এ সময় সে বিছানা থেকে পড়ে যায়। তারপর আর ওঠেনি। সন্তানকে খুন করতে চাননি বলে দাবি মায়ের।