রেললাইনে সাবেক ইউপি সদস্য, নদীতে কিশোরীর লাশ

মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইন থেকে হেনা বেগম (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্যের খ-িত লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত এক কিশোরীর (১০) বস্তাবন্দি লাশ উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে পৃথক ঘটনায় লাশ দুটি উদ্ধার করা হয়।

গতকাল দুপুর ১টার দিকে কুলাউড়ার বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী রেললাইন থেকে হেনা বেগমের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। হেনা বেগম ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার মেয়ে। তিনি ওই ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য ছিলেন।

স্থানীয়দের বরাতে কুলাউড়া রেলওয়ে থানার এসআই জাহানারা বেগম জানান, ট্রেনের একটি ইঞ্জিন কুলাউড়া থেকে সিলেটের উদ্দেশে যাওয়ার পথে সকাল পৌনে ৯টার দিকে বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে ইঞ্জিনের নিচে কাটা পড়েন হেনা। ধারণা করা হচ্ছে, হেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে গতকাল সকাল ১০টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড় থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে মরদেহটি ভাসতে থাকতে দেখে এলাকাবাসী জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে। পরে পুলিশ গিয়ে বস্তা কেটে মরদেহটি উদ্ধার করে। বস্তার ভেতরে সিমেন্ট মিশ্রিত ইটের কংক্রিট পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মরদেহটি যেন ভেসে উঠতে না পারে সে জন্য ইটের কংক্রিট ব্যবহার করা হয়।