নির্বাচনী প্রচার করায় বিএনপির ৪ নেতা বহিষ্কার

নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করায় বরিশালে বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল হক হাওলাদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবাইদুল করীম তুহিন, সদর উপজেলা কমিটির সদস্য পারুল বেগম এবং চরবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল খান।

গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে সিরাজুল বলেন, ‘গত বুধবার নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ মাঠে বৈঠক করেন। প্রতিমন্ত্রী তার লোকের মাধ্যমে ডেকে নিয়ে মঞ্চে বসান। কিছু বলার জন্য আমাকে মাইক দেওয়া হলে ইউনিয়নে মন্ত্রীর উন্নয়নকাজগুলোর বর্ণনা দিই। তবে নৌকার জন্য ভোট চাইনি।’