লালপুরে স্কুলছাত্রী ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন

নাটোরের লালপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে অভিযুক্ত নাইমকে (১৯) অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ভূমিহীন আঞ্চলিক সংগঠন ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় ভুক্তভোগী কিশোরীর মা বলেন, ওই কিশোরীকে মাঝেমধ্যে বিরক্ত করত নাইম। গত ২৫ ডিসেম্বর নাইম মেয়েটিকে ধর্ষণ করে। এ ঘটনার পরে লালপুর থানায় মামলা করা হয়েছে। তিনি অবিলম্বে অভিযুক্ত নাইমকে গ্রেপ্তারের দাবি জানান।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ভূমিহীন আঞ্চলিক সংগঠনের সহ সাধারণ সম্পাদক রাজিয়া বেগম, শিরিস পাহাড়িয়া, নিজেরা করি সংস্থার প্রতিনিধি রিনা ম-ল, আদিবাসী কিশোরী বিদিশা পাহাড়িয়া প্রমুখ।

এ বিষয়ে অভিযুক্ত নাইমের বক্তব্য পাওয়া যায়নি। আর লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।