ডাক্তার দেখিয়ে ফেরার পথে লাশ হলেন প্রবীণ দম্পতি

 গাজীপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান হাবিব তার বাবা মজিবুর রহমান ও মা হাবিবা বেগমকে নিয়ে ঢাকায় যান চিকিৎসার জন্য। তাদের সঙ্গে ছিলেন পরিবারের আরও তিন সদস্য। চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার বিকেলে তারা সদর উপজেলার মৌচাক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় কাচিঘাটা সাগরচালার বাড়ি ফিরছিলেন। কিন্তু মৌচাক-ফুলবাড়িয়া সড়কের হোসেন মার্কেট এলাকায় তাদের সিএনজিকে চাপা দেয় একটি পিকআপ ভ্যান। এতে গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে মারা যান হাবিবের বাবা মজিবুর রহমান (৭০) ও স্ত্রী হাবিবা বেগম (৬০)। ওই ঘটনায় আহত তিনজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে একই দিন জামালপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। সুনামগঞ্জে একটি মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত হয়েছে আরও তিনজন। গাজীপুরের কালিয়াকৈর প্রতিনিধি জানান, হাবিবুর রহমান হাবিবদের বহনকারী অটোরিকশাটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়।

গুরুতর আহত হন হাবিবুর, তার বাবা-মা এবং আরও তিনজন। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা আল হেরা হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই অধ্যাপকের বৃদ্ধ বাবা ও মাকে মৃত ঘোষণা করেন। অন্য আহতরা চিকিৎসাধীন। খবরটি ছড়িয়ে পড়লে ওই এলাকায় ও নিহতের পরিবারের মধ্যে শোকের মাতম সৃষ্টি হয়।

এ ঘটনার পর পিকআপ ও এর চালক আলী আহমেদকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) সোহেল মোল্লা জানান, ওই দুর্ঘটনায় দুজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। জামালপুর প্রতিনিধি জানান, জেলার সদর উপজেলার ভারুয়াখালি বাজারে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন। গতকাল বিকেল ৪টার দিকে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুর সদর উপজেলা মোজাফফর হোসেন (৩৮) ও একই উপজেলার নন্দীর বাজার এলাকার অটোরিকশাচালক আরমান মিয়া (৩৪) এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ভাসটিপাড়া এলাকার মৃত শাহ-াবুদ্দিনের ছেলে খোকন মিয়া (৩৫)। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোরহাব হোসেন বলেন, বালুবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পঠানো হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি জানান, জেলার ছাতক উপজেলায় (সুনামগঞ্জ-সিলেট) সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাছবাহী পিকআপের তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হন। গতকাল সকালে উপজেলার বড়কাপন এলাকা-সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আবদুল করিম, নরুল হক, আসাদ উদ্দিন। জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে পিকআপে করে মাছ বিক্রি করার জন্য সিলেট যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। পথে ছাতক উপজেলার বড়কাপন এলাকায় পৌঁছলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।