ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, ‘বিবিসি বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রায়ই দেয়। একসময় তারা বলল যে বাংলাদেশে কোভিডের ফলে তিন কোটি-পাঁচ কোটি লোক মারা যাবে। এত লোক মারা যায় নাই। ওরা একটা বলার জন্য দেয়। মিডিয়া অনেক সময় তো চকমারি কিছু বলে, যাতে অ্যাট্রাকশন হয়। আর বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ওনারা চকমারি কিছু দিয়েছে। আমার মনে হয় না কোনো রিপোর্টিংয়ের বেসিসে সরকার সিদ্ধান্ত নেয়। বিভিন্ন দেশে শত শত পত্রিকা বের হয়। সব দেশেই সরকার একটা বিচার-বিশ্লেষণ করে তাদের নিজেদের দেশের স্বার্থ ঠিক করে, ভবিষ্যৎ সংকট সম্পর্কে চিন্তা করে, আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে তাদের ভাবধারা নিয়ে চিন্তা করে। সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক, কোনো দেশের সঙ্গে আমাদের শত্রুটা নাই। সুতরাং এ ক্ষেত্রে এ ধরনের রিপোর্ট নিয়ে আমরা ওরিড না।’
গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে সিলেট নগরের ধোপাদীঘির পাড় এলাকায় পররাষ্ট্রমন্ত্রী তার প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা যেটা প্রতিষ্ঠিত করতে চাই, দেশে একটা অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। এইটা যদি আমরা করতে পারি, ওখানেই আমাদের সাকসেস। আমাদের দেশবাসী যদি এইটাকে গ্রহণযোগ্য মনে করে, সেইটায় আমাদের সাকসেস। অন্য কে কী বলল না বলল...দেশবাসী কী মনে করে, সেটাই সবচেয়ে বেশি ইমপর্ট্যান্ট।’