হিনডেনবার্গের প্রতিবেদনের পর আদানি গ্রুপের শেয়ার কারচুপির অভিযোগ তদন্তে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়াকে (সেবি) বড় স্বস্তি দিল ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আদানি গোষ্ঠীর জন্যও আশার সঞ্চার করেছে সর্বোচ্চ আদালত।
বুধবার (৩ জানুয়ারি) সর্বোচ্চ আদালত বলেছে, হিনডেনবার্গের প্রতিবেদনের পর আদানিকে নিয়ে সেবি’র তদন্তে কোনো সন্দেহের অবকাশ দেখছেন বিচারকরা। এ নিয়ে তারা কোনোরকম হস্তক্ষেপ করবেন না। এমনকি স্পেশাল ইনভেস্টিগেশন টিমের কাছেও আদানি গ্রুপকে নিয়ে তদন্তভার দেওয়ার ভিত্তি নেই বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, তদন্তের ক্ষেত্রে সেবি ‘শিথিলতা’ দেখিয়েছে এমন কিছু প্রমাণিত হয়নি। মোট ২৪ টি অভিযোগের মধ্যে তারা অন্তত ২২টির তদন্ত শেষ করেছে। বাকি দু’টি তদন্ত শেষ করতে সেবি-কে ৩ মাসের সময় দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ বলেছে, ‘তৃতীয় পক্ষের কোনো যাচাইবিহীন প্রতিবেদন প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় না। এর ভিত্তিতে সেবির কাছ থেকে তদন্তভারও অন্যত্র দেওয়ার ভিত্তি নেই।’
সুপ্রিম কোর্টের এই বেঞ্চ আরও বলেছে, ‘আদানিগ্রুপের বিরুদ্ধে আনা হিনডেনবার্গের অভিযোগ কিংবা ধনকুবের জর্জ সরোসের টাকায় পরিচালিত সংস্থা ওসিসিআরপির প্রতিবেদন একেবারে ঐশী বাণীর মতো চোখবুজে বিশ্বাস করারও কিছু নেই।’
সর্বোচ্চ আদালতের এই মতামতে বড় স্বস্তি পেলেন আদানি গ্রুপের মালিক গৌতম আদানি। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘সত্যের জয় হয়েছে।’ এক্সে করা এক পোস্টে তিনি বলেন, ‘যারা আমাদের পাশে থেকেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। ভারতের প্রবৃদ্ধির গল্পে আমাদের নম্র অবদান অব্যাহত থাকবে।’