জাপানে ভূমিকম্প

তীব্র শীত ও ভূমিধসের মুখে ক্ষতিগ্রস্তরা, নিহত বেড়ে ৬৪

নতুন বছরের প্রথমদিনেই শক্তিশালী ভূমিকম্পের আঘাতে পূর্ব এশিয়ার দেশ জাপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। এ ছাড়া ভূমিকম্পে বেঁচে যাওয়া ক্ষতিগ্রস্তরা তীব্র শীতের মোকাবেলা করছেন, এরই মধ্যে ভারি বৃষ্টির পূর্বাভাস এসেছে।

নতুন বছরের প্রথম দিন সোমবার (১ জানুয়ারি) ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নোতো উপদ্বীপে আঘাত হানে। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে করে এসব অঞ্চলে অতি প্রয়োজনীয় ত্রাণ সরবরাহে বিঘ্ন হচ্ছে।

এরই মধ্যে বুধবার ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে জাপানের আবহাওয়া অধিদপ্তর, এতে করে আশঙ্কা তৈরি হয়েছে ভূমিধসের। যা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের প্রচেষ্টাকে আরও বাধাগ্রস্ত করতে পারে।

ভেঙে পড়া রাস্তা, ক্ষতিগ্রস্ত বাড়িঘর এবং দুর্যোগপূর্ণ এলাকাগুলোর অবস্থান প্রত্যন্ত অঞ্চলে হওয়ার কারণে উদ্ধার প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে। এতে ভূমিকম্পের দুই দিন পার হলেও হতাহত ও ক্ষয়ক্ষতির নির্দির্ষ্ট পরিমাণ নির্ণয় করা যায়নি।

বুধবার পর্যন্ত ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করছে কর্তৃপক্ষ।

সোমবারের শক্তিশালী ভূমিকম্পের পর থেকে ছোট ছোট শ’খানেক ভূমিকম্প আঘাত হেনেছে উপদ্বীপটিতে। এছাড়া আরও ভূমিকম্পের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।