হেরেও গেলেও কোর্টে ফেরায় খুশি নাওমি

ব্রিসবেন ইন্টারন্যাশনাল দিয়ে টেনিসে প্রত্যাবর্তনের দ্বিতীয় ম্যাচেই হেরে গেছেন চারবারের গ্র্যান্ড স্লামজয়ী তারকা নাওমি ওসাকা। সিঙ্গেলসে দ্বিতীয় রাউন্ডে তিনি হেরেছেন সাবেক নাম্বার ওয়ান চেক প্রজাতন্ত্রের ক্যারোলাইনা প্লিসকোভার কাছে। প্লিসকোভা নিজেও এ প্রতিযোগিতার তিনবারের বিজয়ী।

মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে ২০২২ সালের সেপ্টেম্বরে র‌্যাকেট তুলে রাখেন নাওমি। এরপর মাতৃত্বের স্বাদ পান গত বছরের জুলাইয়ে। ব্রিসবেন ইন্টারন্যাশনাল দিয়ে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরে প্রথমে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছিলেন নাওমি।

প্যাট র‌্যাফটার অ্যারেনায় প্রথম সেট ৬-৩ ব্যবধানে জেতেন নাওমি। এর পরের দুই সেটে প্লিসকোভার কাছে হেরে যান ৬-৭ (৪-৭) ও ৪-৬ ব্যবধানে। ম্যাচশেষে ২৬ বছর বয়সী নাওমি বলেন, ‘আমার প্রত্যাশার চেয়েও ছোট হলো সপ্তাহটি। এটা একটি দারুণ ম্যাচ ছিল। প্রতিটি পয়েন্টের জন্য আমি হৃদয় উজাড় করে দিয়ে চেষ্টা করেছি। ফল পক্ষে না এলেও আমি সম্পূর্ণ উপভোগ করেছি।’

আগামীকাল বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের ড্র হওয়ার কথা। বড় মঞ্চে এই প্রতিযোগিতা দিয়েই ফিরবেন জাপানের এ টেনিস সেনসেশন।