লাঙ্গলের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি

ফেনীর সোনাগাজীতে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভার ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে। ব্যানারে দলটির চেয়ারম্যান জিএম কাদেররে ছবি থাকলেও তা খুবই ছোট। কিন্ত প্রধানমন্ত্রীর ছবি বড় আকারে ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সোনাগাজীর মতিগঞ্জ কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠতি হয়।   
  
এসময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।

স্থানীয়রা জানায়, সর্বস্তরের জনগনের ব্যানারে মতবিনিময় সভা হলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ ও দলটির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ আসনে জাপা প্রার্থী স্বতন্ত্র প্রার্থীর চেয়ে পিছিয়ে রয়েছে। তাই জাপা প্রার্থীকে এগিয়ে নিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মতবিনিময় সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে নিজাম হাজারী বলেন, আসনটিতে ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন হাজী রহিম উল্যাহ। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সমর্থক দিয়ে নির্বাচিত করেছিলাম। তিনি নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছেন।

এদিকে স্বতন্ত্র প্রার্থী রহিম উল্যাহ অভিযোগ করে বলেন, জাপা প্রার্থীর মতবিনিমিয় সভায় প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে তারা নির্বাচনের আচরণবিধি লঙ্গন করেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

সহকারী রিটার্নিং অফিসার সোনাগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান দেশ রূপান্তরকে বলেন, বিষয়টি আমাদের নজরে আসেনি। অনুসন্ধান করে সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।