ষষ্ঠ শ্রেণির পাঠ্যসূচিতে ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’

‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ’-এর ষষ্ঠ শ্রেণির পাঠ্যসূচিতে স্থান পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে হাসান মতিউর রহমানের লেখা বিখ্যাত গান ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’। 

শিল্প ও সংস্কৃতি বইয়ে ‘শুধিতে হইবে ঋণ’ অংশে স্থান পেয়েছে গানটি।

খবরটি জানার পর থেকে আবেগে রীতিমতো ভাসছেন জনপ্রিয় এই গীতিকার-সুরকার। আপ্লুত হাসান মতিউর রহমান ফেসবুকে লিখেছেন, ‘বছরের প্রথম দিনেই এমন একটি অর্জনের সংবাদ সত্যিই বিশাল। দেখে ভালো লাগল। চোখ পানিতে ভিজে গেল। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা। সেদিন সন্ধ্যায় হাফিজ বাউলার স্টুডিওতে এসে বইটি দিয়ে গেল গীতিকবি নীহার আহমেদ। মিষ্টি মুখ করাল আমাদের। সবাই সুন্দর থাকুন।’

‘যদি রাত পোহালে শোনা যেত’ গানটি সুর করেছেন মলয় কুমার গাঙ্গুলী। প্রথমবার তিনিই কণ্ঠে তুলেছিলেন গানটি।

হাসান মতিউর রহমান বলেন, ‘১৯৯০ সালে ফ্রান্সে আওয়ামী লীগের একটা সম্মেলন হবে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সম্মেলনে যাবেন। মলয় গাঙ্গুলী দাদা তাঁর সফরসঙ্গী। আওয়ামী লীগ থেকে সিদ্ধান্ত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে দুটি গান করার। লেখার দায়িত্ব পড়ল আমার ওপর। এই গানটি লিখতে গিয়ে ভোর হয়ে গেল, শব্দ খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ মনে হলো, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই! সেটাই গানের প্রথম লাইন করলাম। এরপর লিখে ফেললাম আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার গানটি।’

তিনি আরও বলেন, ‘নেত্রী শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী গানটি এতটাই পছন্দ করেছিলেন যে পরে সাবিনা ইয়াসমিনকে দিয়ে গাইয়েছিলেন। সাবিনা ইয়াসমিন তাঁর প্রিয় কণ্ঠশিল্পী। এমন একটা অমর সৃষ্টির সঙ্গে যুক্ত থাকতে পেরে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’