আদালত বর্জনের কর্মসূচি অবগত করে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার ঘটনায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মহসিন রশীদ ও শাহ আহমেদ বাদলকে তলব করেছে সর্বোচ্চ আদালত।
আগামী ১১ জানুয়ারি সকাল ৯টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ দুই আইনজীবীকে কোনোরকম ব্যর্থতা ছাড়া হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগ স্বত:প্রণোদিত হয়ে এ আদেশ দেয়। আদেশে আপিল বিভাগ বলেছে, এ ধরনের চিঠি বিচার বিভাগের মর্যাদা ও অবস্থানের জন্য অবমাননার। আদেশের অনুলিপি দুই আইনজীবীসহ অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্টবার সভাপতির কাছেও পাঠাতে বলা হয়েছে।
গত বছরের মার্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনকে (২০২৩- ২০২৪ মেয়াদে) কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীদের সমর্থনে সুপ্রিম কোর্ট বারের একটি আহ্বায়ক কমিটি গঠন করেছিলেন কয়েকজন আইনজীবী।
এতে জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশীদকে আহ্বায়ক ও শাহ আহমেদ বাদলকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়। ২৭ ডিসেম্বর বিএনপিপন্থী আইনজীবীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, ডামি নির্বাচন বর্জন, বিচার বিভাগের স্বাধীনতা পুন:প্রতিষ্ঠার দাবি করে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দেশের উচ্চ ও অধস্তন আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে। গত মঙ্গলবার প্রধান বিচারপতিকে এ কর্মসূচির বিষয়ে অবহিত করে চিঠি দেন দুই আইনজীবী।