মাদারীপুর-৩ আসনে নৌকা প্রতীকের একটি ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নৌকা প্রতীকের সমর্থকরা। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে তারা বিক্ষোভ মিছিল করেন।
জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়ার সমর্থকরা কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের মহাজোন বাড়ির সামনে নৌকার নির্বাচনী ক্যাম্প তৈরী করে। মঙ্গলবার দিবাগত রাতে দুর্বত্তরা ওই নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়। কালকিনি পৌর মেয়র ও নৌকার সমর্থক এস.এম হানিফ বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। যারা এ কাজের সঙ্গে জড়িত তাদের বিচার চাই।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেয়ামুল আকন বলেন, নৌকার সমর্থকরা পরিকল্পিতভাবে কাজটি করেছে। যাতে স্বতন্ত্র প্রার্থীকে চাপে রাখা যায়।
স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, নৌকার সমর্থকরাই এমন ঘটনা ঘটিয়েছে। যাতে করে আমাদের সমর্থক ও কর্মীদের উপর দোষ চাপানো যায়।
কালকিনি থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ক্যাম্পে কারা আগুন দিয়েছে কেউ বলতে পারে না। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।