স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিএনপি ভোটে বিশ্বাসী না। তারা নির্বাচনে আসে না। নির্বাচন প্রতিহত করার চেষ্টা করছে। বিগত ১৫ বছরে বিএনপি শান্তিতে ছিল। তাদের জুলুম নির্যাতন করা হয় নাই। এবার নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসলে উচিত জবাব দিয়ে দিবেন।
বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেছেন।’
তিনি আরও বলেন, বিএনপি হত্যার রাজনীতি পছন্দ করে। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। ক্ষমতায় থাকাকালীন তারা সার লুট করেছে। বাংলাদেশকে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ান করেছিল।
এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মান্নান, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনসহ আরও অনেকেই।