ধলেশ্বরীতে ট্রলারডুবি, ভেসে উঠলো ৩ লাশ

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির দুই দিন পর  ৩ ব্যক্তির লাশ ভেসে উঠেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশগুলো উদ্ধার করে করেছে নৌ-পুলিশ। বুধবার (৩ জানুয়ারি) সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর গুদারাঘাট এলাকা থেকে লাশ ৩টি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন-আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকার মৃত নূর ইসলামের ছেলে মো. বাবুল মিয়া (৪৭), পুরান গোগনগরের মৃত মতি মিয়ার ছেলে মো. সেলিম (৪০) ও একই এলাকার মৃত মানিক মিয়ার ছেলে জালাল মিয়া (৫১)।

জানা গেছে, বরিশাল থেকে আসা ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় গত ১ জানুয়ারি ভোর ৬টার দিকে ডিক্রিরচর গুদারাঘাটে ট্রলার ডুবির ঘটনা ঘটে।
 
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌ-নিটা বিভাগের উপ-পরিচালক বাবু লাল বৈদ্য জানান, ট্রলারডুবির সময় আনুমানিক ১৫-২০ জন যাত্রী ছিল। অধিকাংশ যাত্রী ঘাটে যেতে পারলেও তিন যাত্রী নিখোঁজ ছিলেন। তাদের উদ্ধারে বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস অভিযান পরিচালনা করেছে।

বক্তাবলী নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, নিখোঁজের ৩ দিন পর সকাল ৮টার দিকে ঘটনাস্থলের ১০০ গজ দূরে লাশ ৩টি ভেসে উঠে। তাদের উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে