এই দিনে

১৯৯৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রখ্যাত বাংলাদেশি কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস। তার জন্ম ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি। তিনি পেশাগত জীবনে কলেজে বাংলা সাহিত্যের অধ্যাপনায় যুক্ত ছিলেন। আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। এ দেশের প্রগতিশীল ও মানবতাবাদী সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের প্রতিও তার পরোক্ষ সমর্থন ছিল। তার লেখায় সমাজবাস্তবতা ও কালচেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। বিশেষত, তার রচনাশৈলীর ক্ষেত্রে যে স্বকীয় বর্ণনারীতি ও সংলাপে কথ্যভাষার ব্যবহার লক্ষণীয় তা সমগ্র বাংলা কথাশিল্পে অনন্যসাধারণ। তার উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো ‘অন্যঘরে অন্যস্বর’, ‘খোঁয়ারি’, ‘দুধভাতে উৎপাত’, ‘চিলেকোঠার সেপাই’, ‘দোজখের ওম’, ‘খোয়াবনামা’, ‘সংস্কৃতির ভাঙা সেতু’ ইত্যাদি। বাংলা ভাষা ও বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ‘বাংলা একাডেমি পুরস্কার’, খোয়াবনামা উপন্যাসের জন্য ‘সাদত আলী আখন্দ পুরস্কার’ ও কলকাতার ‘আনন্দ পুরস্কার’ লাভ করেন। তার রচনার কয়েকটি ভারতীয় ভাষাসহ অন্যান্য ভাষায় অনূদিত হয়েছে।