নির্বাচন ঘিরে বড় ধরনের সহিংসতার শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী মাঠে নেমে গেছে। কোনো সহিংস ঘটনা যদি ঘটে বা ঘটার মতো পরিস্থিতি সৃষ্টি হয় তবে সমন্বিতভাবে সবাই সেটা প্রতিহত করবে। তবে এই নির্বাচনে কোনো সহিংস ঘটনা আমরা আশা করি না।
আজ বুধবার (৩ জানুয়ারি) নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনে বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি আরও জানান, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি বুঝে বেসামরিক প্রশাসনকে সাহায্য করবে সেনাবাহিনী।
তিনি বলেন, এই পর্যন্ত আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে অবস্থা তা আমাদের বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তারা এখন পর্যন্ত নির্বাচনে বড় ধরনের কোনো আশংকা করছে না। যেহেতু একটি রাজনৈতিক দল নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে এজন্য প্রত্যেকেই নিজ নিজ গোয়েন্দা নেটওয়ার্ক আরো সক্রিয় রাখবে। যাতে কোনো ধরনের ঘটনা ঘটার আগেই তা নিস্ক্রিয় করা সম্ভব হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যেক বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী মোতায়েন থাকবে। প্রত্যেক সাধারণ কেন্দ্রে দুই জন, গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিন জন, অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রে তিন জন পুলিশ নিয়োজিত করা হয়েছে।
ইসি সচিব বলেন, নির্বাচনে সব বাহিনীর গোয়েন্দা নেটওয়ার্ক তৎপর থাকবে। ভোটারদের মধ্যে নিরাপত্তা ভীতি দূর করতে বাহিনীগুলো কাজ করবে। সবচেয়ে বড় বিষয় হলো নির্বাচন ঘিরে বড় ধরনের সহিংসতার শঙ্কা নেই বলে জানান তিনি।