চাঁদপুর-২

মায়ার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

চাঁদপুর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুসারীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা এবং হামলার অভিযোগ করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান।

বুধবার (৩ জানুয়ারি) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ হামলায় ঈগল প্রতীকের ৫ সমর্থক আহতসহ উঠোন বৈঠকের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, আমি যেখানেই নির্বাচনী প্রচারণায় যাই, সেখানেই নৌকার প্রার্থীর সন্ত্রাসী বাহিনী বাধার সৃষ্টি করছে। আজকেও আমার প্রচারণায় বার বার বাধা দিয়েছে। মতলব উত্তর বাগানবাড়ি ইউনিয়নে মোটরসাইকেলের বহর নিয়ে সামনে-পেছন থেকে আমাদের উপর হামলার চেষ্টা করে। তবে সেখানে পুলিশ থাকায় তারা হামলা করতে পারেনি। এরপর স্ট্রাইকিং ফোর্স উপস্থিত হলে তাদের সামনেও হামলার চেষ্টা করে।

ইসফাক আহমেদ বলেন, আমার একটি নির্বাচনী উঠোন বৈঠকের চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। শুধু তাই নয় মতলব সাদুল্লাপুর পাঠান বাজারে আমার ঈগল প্রতীকের ৫ জন সমর্থককে আহত করেছে। গত কালকে তারা আমার নেতাকর্মীর উপর হামলা করেছে। এতে একজন সাংবাদিকও আহত হয়েছেন। এসব হামলার ভিডিওচিত্র আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে পাঠিয়েছি।

এখানে নৌকার প্রার্থী আমার সকল কাজে সকল রকমের বাধা দিচ্ছেন। এমনকি তিনি বার বার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। তার সমর্থকরা প্রশাসনের সামনেই মোটরসাইকেল মহড়া দিচ্ছে।

ঈগল প্রতীকের এ স্বতন্ত্রপ্রার্থী আরও বলেন, এত কিছুর পরেও আমি মতলবের যেখানেই যাচ্ছি, সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। ভোটারা আমাকে বলেছে, যদি সুষ্ঠু ভোট হয় আর জনগণ যদি ভোট দেয়, তবে আমি বিপুল ভেটে বিজয়ী হবো ইনশাআল্লাহ। তাই নৌকার প্রার্থীকে বলবো, আপনি আমার মুরব্বী। হিংসাত্মক পথ ছেড়ে দিয়ে আসুন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করি।