নাশকতার মামলায় বিএনপির ১০ নেতাকর্মী কারাগারে

নাশকতার মামলায় নীলফামারীতে একজন আইনজীবীসহ বিএনপির ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসভাপতি আইনজীবী ওবায়দুর রহমান, সদস্য শওকত হায়াত শাহ, সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন হাবলু, কোষাধ্যক্ষ আবিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আক্তার, সৈয়দপুর পৌর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বাবুল, পৌর বিএনপির সদস্য মো. জাহেদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব আলম ও পৌর যুবদলের সদস্য মো. লাড্ডান ইমরান।

মামলার অভিযোগের মতে, গত বছরের ২৮ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে পরদিন হরতালের সমর্থনে নাশকতা সৃষ্টির একটি বৈঠক চলছিল। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে নেতাকর্মীরা পালিয়ে যান। পরে পুলিশ সেখান থেকে অসংখ্য লাঠিসোঁটা, ইটপাটকেল, ধারালো অস্ত্রসহ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে। এ ঘটনায় ২৯ অক্টোবর সৈয়দপুর থানার উপপরিদর্শক মো. মারুফুল ইসলাম বাদী হয়ে আইনজীবী ওবায়দুর রহমানকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ ৬০০ জনের নামে একটি মামলা করেন।