জামালপুর-৫ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর (ঈগল) সমর্থকরা ডিক্লেয়ার (ঘোষণা) দিয়ে মাঠে নেমে মারামারি করতে চান নৌকা মার্কার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের সঙ্গে। নৌকা মার্কার সমর্থকদের উদ্দেশে দেওয়া স্বতন্ত্র প্রার্থীর সমর্থক পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নূর হোসেন আবহানীর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ফেসবুকের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ভাইরাল হলে সদরের ভোটাররা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন।
এই আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুসহ মোট সাতজন প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। তবে নৌকা ও ঈগল মার্কার মধ্যেই মূল লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত সোমবার দুপুরে শহরের তমালতলা এলাকায় রেজাউল করিমের সমর্থকরা মানববন্ধনের আয়োজন করে। এতে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নূর হোসেন আবহানীর বক্তব্যে বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডে চলে আসেন। আর যদি গু-ামি করতে চান। তাহলে আপনাদের আমরা ডিক্লেয়ার দিতে চাই। চলেন মাঠে নামি।’ ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে।
নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, আমি দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে যাচ্ছি। কারণ আমি ভোটারদের মনজয় করেই নির্বাচিত হতে চাই। আমি এবং আমার সমর্থকরা কখনো উচ্ছৃঙ্খল বা উসকানিমুলক বক্তব্য দিইনি।’