সখীপুরে কাদের সিদ্দিকী

ভোটচোরদের ধরে দেবেন, সম্মানজনক পুরস্কার দেব

যারা ভোট চুরি করতে যাবে তাদের ধরবেন। আমি তাকে সম্মানজনক পুরস্কার দেব। এবার রক্ষা নেই, জাল ভোট চলবে না, চলবে না।

গতকাল বুধবার বিকেলে সখীপুর উপজেলার মুখতার ফোয়ারা চত্বরে কৃষক শ্রমিক জনতা লীগের (গামছা মার্কার) নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

তিনি আরও বলেন, ‘দীর্ঘ কয়েক বছর এ দেশে কোনো নির্বাচন হয়নি। মানুষের ভোটের কোনো অধিকার নেই। আমরা গামছা মার্কার ভোটের অধিকার চাই। ভোটের অধিকার আদায়ের জন্যই আমি ভোটে দাঁড়িয়েছি।’

তিনি আরও বলেন, ‘আটিয়া বন অধ্যাদেশের জাঁতাকলে এই পাহাড়ের মানুষ জর্জরিত। আমরা আটিয়া বন অধ্যাদেশ চাই না। আমরা তার বাতিল চাই, ইনশাআল্লাহ আমরা তা বাতিল করব। বাষট্টি আরোয়ারের কারণে এখানকার মানুষ খাজনা দিতে পারে না। কথা দিয়ে গেলাম নির্বাচনের পর ছয় মাসের মধ্যে তোমরা যদি তোমাদের জমির খাজনা দিতে না পারো হাতে চুড়ি পরব।’

পথসভায় আরও বক্তব্য দেন কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকী, কন্যা কুঁড়ি সিদ্দিকী, বঙ্গবীরের সহোদর শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আবদুস সবুর খান, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন প্রমুখ।