পাঠদানকালে হৃদরোগে শিক্ষিকার মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে পাঠদানরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মোছা. রিনা আক্তার (৩৮) নামে এক শিক্ষিকা।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার অর্জুনা ইউনিয়নের উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষেই তাঁর মৃত্যু হয়। রিনা আক্তার উপজেলার শুশুয়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান বলেন, ‘রিনা আক্তার শ্রেণিকক্ষে পাঠদান করছিলেন।

এসময় হঠাৎ অসুস্থ্য হয়ে চেয়ার থেকে পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে তার ভোট গ্রহণের দায়িত্ব পালনের কথা ছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, ‘হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন।’

এদিকে শিক্ষিকা রিনা আক্তারের মৃত্যুতে তাঁর পরিবার ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান শোক প্রকাশ ও পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন।