খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী ও তার কর্মীরা ভোটারদের বলছেন ‘ভোট যেখানেই দাও, ঘোষণা হবে আব্দুস সালাম মুর্শেদীই’। আজ বুধবার দুপরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন একই আসনের কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা এস এম মোত্তর্জা রশিদী দারা।
দারা বলেন, নির্বাচনে মুর্শেদী প্রভাবশালীদের মাধ্যমে নৌকায় ভোট কেনার চেষ্টা করছেন। নৌকায় ভোট না দিলে ভাতার সুবিধাদী বন্ধ করে দেওয়া হবে এমন অপপ্রচারও চালাচ্ছে কিছু চেয়ারম্যান ও মেম্বার। যা একটি অংশগ্রহণমূলক নির্বাচনের অন্তরায়।
তিনি সংশয় প্রকাশ করে বলেন, আব্দুস সালাম মূর্শেদীর ভাগ্নে তেরখাদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও পিআইওসহ অনেক স্থানীয় সরকারি কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক আছেন—যারা নির্বাচনের দিন ভোট গ্রহণ করবেন। যারা ভোটে সালাম মুর্শেদীকে বিজয়ী করতে পরিকল্পনা করছেন। এমন হলে নির্বাচন নিরপেক্ষ থাকবে না। তাই এই ধরনের লোক দিয়ে নির্বাচন পরিচালনা না করার জন্য তিনি নির্বাচন কমিশন ও রির্টানিং কর্মকর্তার কাছে অনুরোধ জানান। ইতিমধ্যে তিনি কয়েকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা জেলা রির্টানিং কর্মকর্তাকে প্রদান করেছেন।
তিনি বলেন, ইতিমধ্যে তার কর্মী-সমর্থকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এমনকি নানাভাবে ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছেন। নৌকায় ভোট না দিলে হিন্দু সম্প্রদায়ের লোকসহ সাধারণ মানুষদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।
দারা আরও বলেন, আব্দুস সালাম মূর্শেদী নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে প্রতিটি ইউনিয়নে একাধিক নির্বাচন অফিস স্থাপন করেছেন। যেখান থেকে নির্ধারিত সময়ের পরেও উচ্চশব্দে শব্দযন্ত্র বাজানো হচ্ছে। ফলে ভোটে শান্তির পরিবেশ বজায় রাখতে তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে বক্তব্য পেতে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। তবে তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।