নৌকার প্রার্থী এমপি হাইকে গ্রেপ্তারে পরোয়ানা

ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে নৌকার প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপির বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঝিনাইদহের আদালত। গত ২৪ নভেম্বর করা মামলায় গরহাজির থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম ইসির নির্দেশে এ মামলাটি করেন। মামলার অন্য দুই আসামি হলেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও স্থানীয় সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন। জানা গেছে, গতকাল বুধবার শৈলকুপা সিআর ৬৫০ ও ৬৫১ নম্বর মামলায় আব্দুল হাইসহ তিনজনকে আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তারা গরহাজির ছিলেন। ফলে ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের দায়ে আসামিদের বিরুদ্ধে গত ২৪ নভেম্বর মামলা করা হয়। এ ছাড়া তাদের বিরুদ্ধে আরও দুটি মামলা চলমান রয়েছে।’

এদিকে আব্দুল হাইয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ইসির করা মামলায় জামিন নিতে গতকাল তিনি হাইকোর্টে ছিলেন। ফলে উচ্চ আদালত থেকে জামিন পেলেও যথাসময়ে আদালতের রিকল ঝিনাইদহের আদালতে পৌঁছায়নি। এ কারণে গরহাজির দেখিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এদিকে শৈলকুপা থানায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এমপি আব্দুল হাইয়ের নামে আরও দুটি মামলা হয়েছে।