ট্রলারডুবির ৩ দিন পর ধলেশ্বরীতে ভেসে উঠল ৩ লাশ

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে তিন লাশ ভেসে উঠেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশগুলো উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল বুধবার সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর গুদারাঘাট এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকার মো. বাবুল মিয়া (৪৭), পুরান গোগনগরের মো. সেলিম (৪০) ও একই এলাকার জালাল মিয়া (৫১)।

বরিশাল থেকে আসা ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় গত ১ জানুয়ারি ভোরে ডিক্রিরচর গুদারাঘাটে ট্রলারডুবির ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌ-নিটা বিভাগের উপপরিচালক বাবু লাল বৈদ্য জানান, ট্রলারডুবির সময় ১৫-২০ জন যাত্রী ছিল। অধিকাংশ যাত্রী সাঁতরে উঠতে পারলেও তিন যাত্রী নিখোঁজ ছিলেন।

বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, নিখোঁজের তিন দিন পর সকাল ৮টার দিকে ঘটনাস্থলের ১০০ গজ দূরে লাশ তিনটি ভেসে ওঠে। তাদের উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।