গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল বুধবার সকাল ৮টা থেকে স্বাভাবিক হয় ফেরি চলাচল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নুর আলম ভুইয়া মোবাইল ফোনে ফেরি চলাচল শুরুর তথ্য নিশ্চিত করে বলেন, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১১টা থেকে ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছিল। তবে যানবাহনের তেমন সিরিয়াল তৈরি হয়নি।