টানা তিন দিন ঢাকার বাইরে ডেঙ্গুতে মৃত্যু নেই

টানা তিন দিন ধরে ডেঙ্গুতে ঢাকার বাইরে কোনো মৃত্যু নেই। এই তিন দিনে যে দুজনের মৃত্যু হয়েছে, তারা সবাই ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত তিন দিন ধরে ডেঙ্গু রোগীর সংখ্যাও শতকের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) ৭০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে সর্বশেষ ১০৬ জন রোগী ছিল ৩১ ডিসেম্বর।

নতুন বছরের গত তিন দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১৫ জনে। তাদের মধ্যে ৭১ জন ঢাকার ও ১৪৪ জন ঢাকার বাইরের রোগী। বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছে ৫৬১ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছে ২৫৯ ও ঢাকার বাইরে ৩০২ জন।

বিদায়ী বছরের মতো এ কয়েক দিনও ঢাকার বাইরে রোগীর সংখ্যা বেশি। গতকাল পর্যন্ত মোট রোগীর ৬৭ শতাংশ ঢাকার বাইরে ও বাকি ৩৩ শতাংশ ঢাকার।

গতকাল পর্যন্ত ৭২ শতাংশ পুরুষ ও ২৮ শতাংশ নারী রোগী ছিল। কিন্তু যে দুজনের মৃত্যু হয়েছে, তারা সবাই নারী।

বিদায়ী বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ও মারা গেছে ১ হাজার ৭০৫ জন। এই সংখ্যা দেশে ডেঙ্গু প্রাদুর্ভাবের গত ২৩ বছরের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ রোগী ছিল ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।