নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলম শান্তিপূর্ণ, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকমুক্ত ও উন্নয়ন সমৃদ্ধ সেনবাগ পেতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এ সময় তিনি সমাবেশে নৌকায় ভোট চেয়ে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রেখে সেনবাগকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। গতকাল বুধবার সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাহার উল্যা বাহারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবিরের সঞ্চালনায় এ জনসভায় আরও বক্তব্য রাখেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি জসিম উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা সম্রাট নাছের খালেক, উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি হাসান মঞ্জুর প্রমুখ।