আদালত বর্জন কর্মসূচি

সুপ্রিম কোর্ট বারের প্যাডে চিঠি, তলব দুই আইনজীবীকে

আদালত বর্জনের কর্মসূচির বিষয়টি জানিয়ে সুপ্রিম কোর্ট বারের প্যাডে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার ঘটনায় দুই আইনজীবীকে তলব করেছে সর্বোচ্চ আদালত। তারা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশীদ ও শাহ আহমেদ বাদল।

আগামী ১১ জানুয়ারি সকাল ৯টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ দুই আইনজীবীকে কোনো ধরনের ব্যর্থতা ছাড়া হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে আদালত।

গতকাল বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। আদেশে আপিল বিভাগ বলেছে, এ ধরনের চিঠি বিচার বিভাগের মর্যাদা ও অবস্থানের জন্য অবমাননাকর। আদেশের অনুলিপি দুই আইনজীবীসহ অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বার সভাপতির কাছেও পাঠাতে বলা হয়েছে।