ফখরুলের জামিন নিয়ে রুল

এত তাড়া দিলেন এখন কেন নেই : হাইকোর্ট

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে রুলের শুনানি চলতি সপ্তাহের জন্য মুলতুবি করেছে হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

মির্জা ফখরুলের জামিনের আবেদনকারী আইনজীবী সগির হোসেন লিয়নের পক্ষে একজন আইনজীবীর সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে শুনানি মুলতুবির আদেশ দেয়। আদালত এ সময় আইনজীবীর উদ্দেশে বলে, ‘তখন (জামিন শুনানি) এত আর্জেন্সি (তাড়া) দেখালেন, এখন কেন নেই।’ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএম আব্দুর রাফেল।

গত ৭ ডিসেম্বর মির্জা ফখরুলের জামিনের আবেদনের ওপর শুনানি করেন বিএনপিপন্থি জ্যেষ্ঠ আইনজীবীরা। ওইদিন তার জামিন প্রশ্নে রুল দেয় হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়। গত ১৭ ডিসেম্বর রুলের শুনানি শুরুর আরজি জানান আইনজীবীরা। ওইদিন শুনানির জন্য ৩ জানুয়ারি (গতকাল) ধার্য করে হাইকোর্ট। তবে গতকাল মির্জা ফখরুলের পক্ষে কোনো জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন না। গত ১ জানুয়ারি থেকে বিএনপিপন্থি আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি পালন করছেন।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকার পল্টনে মহাসমাবেশ করে বিএনপি। অন্যদিকে একই দিন বায়তুল মোকাররম এলাকায় শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। ওইদিন রাজধানীর কাকরাইল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে।