সাবেক এমপিসহ বিএনপির ৭ নেতাকর্মী গ্রেপ্তার

 ‘ভোট বর্জনসহ’ অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল হোসেন খানসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপি নেতাদের। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান, বিএনপির কর্মী আমিনুর রহমান টুটু, আল আমিন, হৃদয় হোসেন তামিম, রিয়াজ হোসেন, সুজন আকন ও সাইফুল ইসলাম। বরিশাল মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন বলেন, দলীয় কর্মসূচি পালনে বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে লিফলেট বিতরণ করতে কার্যালয় এলাকা থেকে বের হওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে বাড়তি পুলিশ মোতায়ন করে বিএনপির নেতাকর্মীদের লাঠিচার্জ ও ধাওয়া করে কর্মসূচি প- করে দেয়। তখন পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পাশাপাশি সাতজনকে গ্রেপ্তার করেছে।