দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী এবং তার কর্মী-সমর্থকরা পুরো নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছেন বলে অভিযোগ উঠেছে। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা এস এম মোর্ত্তজা রশিদী দারা এমন অভিযোগ করেছেন।
গতকাল বুধবার দুপরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কেটলি প্রতীকের এই প্রার্থী বলেন, আওয়ামী লীগের প্রার্থী ও তার কর্মীরা ভোটারদের বলছেন, ‘ভোট যেখানেই দাও, ঘোষণা হবে আব্দুস সালাম মুর্শেদীই।’ দারা বলেন, ‘নির্বাচনে মুর্শেদী প্রভাবশালীদের মাধ্যমে নৌকায় ভোট কেনার চেষ্টা করছেন। নৌকায় ভোট না দিলে ভাতার সুবিধা বন্ধ করে দেওয়া হবে এমন অপপ্রচারও চালাচ্ছে কিছু চেয়ারম্যান ও মেম্বার; যা একটি অংশগ্রহণমূলক নির্বাচনের অন্তরায়।’ তিনি সংশয় প্রকাশ করে বলেন, ‘আব্দুস সালাম মুর্শেদীর ভাগ্নে তেরখাদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং পিআইওসহ অনেক স্থানীয় সরকারি কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক আছেন- যারা নির্বাচনের দিন ভোট গ্রহণ করবেন।
যারা ভোটে সালাম মুর্শেদীকে বিজয়ী করতে পরিকল্পনা করছেন। এমন হলে নির্বাচন নিরপেক্ষ থাকবে না। তাই এ ধরনের লোক দিয়ে নির্বাচন পরিচালনা না করার জন্য নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে অনুরোধ জানাই।’ ইতিমধ্যে এ ধরনের কয়েকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা রিটার্নিং কর্মকর্তাকে দিয়েছেন বলেও জানান দারা। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘উনি (এস এম মোর্ত্তজা রশিদী দারা) মনগড়া কথা বলছেন। এ ছাড়া ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত ও নির্বাচনের ফল নিজের পক্ষে নিতে সিমপ্যাথি (সহানুভূতি) নেওয়ার চেষ্টা করছেন।’