জামালপুর-৫

মোটরসাইকেলে আগুন, ভাংচুর, সড়ক অবরোধ, পুলিশসহ আহত ৮

জামালপুর-৫ (সদর) আসনের রানাগাছা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নৌকার সমর্থকদের তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুরের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সড়ক অবরোধ করেন। এ সময় তিন পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়েছে।

বুধবার (০৩জানুয়ারী) রাত ৯ টার দিকে সদর উপজেলার নান্দিনা মহেষপুর কালিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা নান্দিনা মহেষপুর কালীবাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নৌকার সমর্থকরা নির্বাচনী প্রচারণা শেষে জামালপুর শহরের দিকে যাচ্ছিল। শহরে যাওয়ার পথে নান্দিনা মহেষপুর কালিবাড়ি এলাকায় পৌঁছালে স্লোগান দেওয়া নিয়ে ঈগলের সমর্থকদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে নৌকার প্রার্থীর সমর্থকরা তাদের মোটরসাইকেল সেখানে ফেলে চলে যায়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

পরে নৌকার সমর্থকরা গিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারকেন্দ্র ভাংচুর করে। এ ঘটনার পর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নান্দিনা মহেষপুর কালীবাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এ সময় তিন পুলিশ সদস্যসহ ৮জন আহত হয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী রেজাউল করিম রেজনু বলেন, ‘ভোটার উপস্থিতিকে কমিয়ে দেওয়ার জন্য এবং নির্বাচনে নৌকার ভরাডুবী যখন সুনিশ্চিত, আমার জয় যখন নিশ্চিত। সেখানে তাঁরা এ ধরনের অপকৌশল হাতে নিয়েছেন’।

এ প্রসঙ্গে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ‘বিএনপি-জামাত এখন ভর করেছে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থীর ওপর। তার উপর ভর করে মহেশপুর কালীবাড়িতে আমার কর্মী সমর্থকদের উপর হামলা করে তাদের তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে। এ সময় নৌকার ৫ সমর্থককে আহত করেছে। বিএনপি জামাতের যে নির্বাচন বানচালের নীল নকশা তারা তা বাস্তবায়ন করার জন্য স্বতন্ত্র প্রার্থীর ওপর ভর করছেন। শুধু তাই নয় তারা ময়মনসিংহ-মুক্তগাছা সড়কে অবরোধ করেছেন। গাছের গুড়ি ফেলে দিয়ে আগে যেভাবে ডাকাতরা করতো, ২০১৪ নির্বাচনের সময় যেরকম জামায়াত-বিএনপিরা করেছে। তারই অংশ হিসেবে তারা রাতে জামালপুর শহরের কেন্দ্রস্থল সেখানে একটি উচ্ছৃঙ্খল মিছিল করেছে। যাতে ভোটাররা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। সেইভাবে তারা জামালপুরের শান্তসৃষ্ট পরিবেশ নষ্ট করছে। তারা নির্বাচনের অসস্থিকর পরিবেশ তৈরি করছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির বলেন, ‘তিন পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ সদস্য আহতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’