৯ ঘণ্টা পর শুরু হয়েছে শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌ-রুটে ফেরি চলাচল। ঘন কুয়াশা কেটে যাওয়ায় আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরি ঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার দিবাগত রাত ১১টার থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি।
মো. ইকবাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বুধবার দিবাগত রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। যানবাহন পারাপারের জন্য এই রুটে ছোট-বড় মিলিয়ে পাঁচটি ফেরি চলে।
ফেরি বন্ধ থাকায় ৫০টি ছোটবড় গাড়ি পারাপারের অপেক্ষায় ছিল বলেও জানান এই কর্মকর্তা।