রিয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলে এগোচ্ছে জিরোনা

রিয়াল মাদ্রিদের সঙ্গে যেন পাল্লা দিয়ে চলেছে জিরোনা। নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে উভয় দলই পেয়েছে জয়ের দেখা। রিয়াল কষ্টার্জিত জয় পেলেও জিরোনা পেয়েছে রোমাঞ্চকর জয়। তাতে পয়েন্ট তালিকায় কার্লো আনচেলত্তির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা।

নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে বুধবার রাতে মায়োর্কাকে ১-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বার্নাব্যুয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন আন্টোনিও রুডিগার।

সব প্রতিযোগিতা মিলিয়ে রেয়ালের অপরাজেয় যাত্রা বেড়ে দাঁড়াল ১৮ ম্যাচে।

ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত কেউই পায়নি গোলের দেখা৷ অবশেষে ‘ডেডলক’ ভাঙে ৭৮তম মিনিটে। মদ্রিচের দারুণ কর্নারে লাফিয়ে হেডে রিয়ালকে এগিয়ে নেন জার্মান ডিফেন্ডার রুডিগার। মায়োর্কা গোলরক্ষক ফেরানোর কোনো সুযোগই পাননি।

অন্যদিকে আতলেতিকো মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে জিরোনা; মৌসুমের অন্যতম সেরা ম্যাচ উপহার দিয়ে। ৩-৩ সমতায় থাকা ম্যাচের যোগ করা সময়ে জয়সূচক গোল করেন জিরোনা মিডফিল্ডার ইভান মার্তিন।

১৯ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে রিয়ালের পয়েন্ট হলো ৪৮। সমান ম্যাচ খেলে একই পয়েন্ট জিরোনারও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় রিয়াল আছে তালিকার শীর্ষে। 

তালিকার দুইয়ে থেকে রিয়ালের ঘাড়ে যেন নিঃশ্বাস ফেলছে জিরোনা। দল রিয়ালের সঙ্গে পাল্লা দিচ্ছে, যেকোনো মুহূর্তে ‘লস ব্লাঙ্কোস’দের আবারও পেছনে ফেলে শীর্ষে ওঠার সুযোগ আছে। তবু জিরোনার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ দেখছেন না কোচ মিকেল। এমনকি লা লিগার ‘বিগ থ্রি’র সঙ্গে নিজের দলকে তুলনায়ও আনতে চান না। 

রাতে ম্যাচ শেষে সাংবাদিকদের মিকেল বলেছেন, ‘আমরা মাদ্রিদের (রিয়ালের) ছন্দের সঙ্গে পাল্লা দিতে পারব না। আমরা এমন কোনো তকমা লাগিয়ে খেলতে চাই না, যেটা আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলবে।’