আর হয়তো একটা ইনিংসেই অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধন করতে নামবেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। অজি দলে তোড়জোড় ওয়ার্নারের শূন্য জায়গা পূরণের। এরই মধ্যে সবাইকে অবাক করে দিয়ে স্টিভেন স্মিথকে ওয়ার্নারের বিকল্প হিসেবে ওপেনার ভূমিকায় দেখতে চেয়েছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার শেন ওয়াটসন। ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে নিজের ইচ্ছার কথা জানান ওয়াটসন।
উইন্ডিজের বিপক্ষে এ মাসেই ফ্র্যাঙ্ক-ওরেল ট্রফিতে নতুন কাউকে দেখা যাবে টেস্ট ওপেনার হিসেবে। ক্যামেরন ব্যানক্রফট, মার্কাস হ্যারিস, ম্যাথিউ র্যানশ-দের মতো অভিজ্ঞরা রয়েছেন সম্ভাব্য তালিকায়। আলোচনা উঠেছে ক্যামেরন গ্রিনকে নিয়েও। এরই মাঝে স্টিভেন স্মিথের নাম তুলেছেন ওয়াটসন।
পেছনের কারণও ব্যাখ্যা করেছেন ওয়াটসন। তিনি মনে করেন, নিজেকে ছাপিয়ে যাওয়ার জন্য স্মিথের নতুন চ্যালেঞ্জ দরকার। যেটা হতে পারে ইনিংস উদ্বোধন করার ভূমিকা। ওয়াটসন বলেন, ‘স্মিথ যখন নিজের সেরা সময়টা পার করেছে, দলের জন্য প্রচুর রান করেছে, ও তিন নম্বরে ব্যাটিং করতো। যখন ও চার নম্বরে আসা শুরু করলো তখন মোটিভেশন পাওয়াটা কিছুটা কঠিন হয়ে গিয়েছে। একজন ওপেনারের যেসব টেকনিকাল যোগ্যতা থাকা প্রয়োজন তার সব স্মিথের আছে। দলের জন্য এবং ওর নিজের জন্য এখন যেটা প্রয়োজন, তা হচ্ছে নতুন চ্যালেঞ্জ। ইনিংস ওপেন করার চেয়ে দারুণ চ্যালেঞ্জ আর কী হতে পারে।’
অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড সম্প্রতি বলেছেন, ‘মিডল অর্ডার থেকে কেউ যদি ওপেনিংয়ে আসে, আমি ইতিবাচকভাবেই বিষয়টাকে দেখবো। গত ৩০ বছরে প্রায় ৫০ শতাংশ অজি ওপেনার প্রথা ভেঙেই এ ভূমিকায় এসেছেন।’ জাস্টিন ল্যাঙ্গার, ডেভিড বুনের মতো ক্রিকেটাররা এ কাজ অস্ট্রেলিয়া দলে আগেও করে দেখিয়েছেন।
নিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে আজ ৬৮ বলে ৩৪ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার।