আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশে সফররত কমনওয়েলথ এক্সপার্ট টিমের ১০ সদস্যের প্রতিনিধি দল।
আজ বৃহস্পতিবার(৪ জানুয়ারি) সকালে পুলিশ সদর দপ্তরে হল অব প্রাইডে আইজিপির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ওরেট ব্রুচ গোল্ডিং। অন্য সদস্যদের মধ্যে ছিলন জেফরি সেলিম ওয়াহিদ, ড. সমুয়েল আজু ফোকাম, প্রফেসর আত্তাহিরু মুহাম্মাদু জেগা, মার্ক হওয়ার্ড স্টিফেনস, সব্যসাচি ব্যানার্জি, প্রফেসর ডাইনেসা সমাররত্নে, আলভিনা হেন্না হেসুলু জোকু, তেরি ডেলে আইস লেইগ ও নিজোকি নিজোরোগি।
পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত এ বৈঠকে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কমনওয়েলথ এক্সপার্ট টিমের প্রতিনিধিগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পুলিশ প্রধানের কাছে জানতে চান। পুলিশ প্রধান নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।