নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ১৯৭০ সালের নির্বাচনের পর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এবারের নির্বাচন। আমাদের মানচিত্রের ওপর খুনি শকুন উড়ছে। মাঠে তাদের পথ করে দিচ্ছে ১৯৭৫ সালের পরাজিত শক্তি ও সন্ত্রাসী দল বিএনপি।
আজ বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকেলে নগরীর একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, বঙ্গবন্ধু চলে না গেলে আমাদের রাজনীতি করার কথা ছিল না। আমরা জাপানের মতো উন্নত দেশ থাকতাম। বঙ্গবন্ধুর পর আমাদের স্বপ্ন দেখিয়েছেন তার কন্যা শেখ হাসিনা। সেই স্বপ্ন আজ স্বপ্ন নয়। বাংলাদেশ বিশ্বদরবারে আজ মাথা তুলে দাঁড়িয়ে আছে। তিনি আমাদের ভবিষ্যৎ।
বিএনপিকে সন্ত্রাসী দল অখ্যা দিয়ে শামীম ওসমান বলেন, কয়েকদিন আগে মায়ের বুকে শুয়ে থাকা এক শিশুকে খুনি জিয়ার খুনি সন্তানরা আগুন দিয়েছে। এটা কোন বাংলাদেশ? নেত্রীকে বলতে চাই, আপনি তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিন। আমাদের নারীদের মিছিল থেকে কাপড় খুলে নেওয়া হয়, আমাদের পুলিশ লাইনসের হাসপাতালে আগুন দেওয়া হয়। আমরা এ দৃশ্য ভবিষ্যতে আর দেখতে চাই না।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বেঁচে যাওয়ার অপরাধে শেখ হাসিনাকে ২১বার হত্যার চেষ্টা করা হয়। আমাদের ওপর বোমা হামলা করা হয়েছে। সেই বোমা হামলায় আমার বন্ধু চন্দন শীলের দুই পা নেই। সেই বোমা হামলার পর রক্তের ওপর শুয়ে ছিলাম। রক্ত কত গরম হতে পারে সেদিন টের পেয়েছিলাম।
শেখ হাসিনা আপনাদের মাঝে তার মা-বাবা-ভাইদের খুঁজে পায়। আপনারা কি এই মহিলার জন্য দাঁড়াবেন না? আল্লাহর নামে শপথ করে বলেন, আমরা কী প্রস্তুত আছি? উপস্থিত জনতা এ সময় দুই হাত তুলে নিজেদের প্রস্তুতির সাড়া দেন।
শামীম ওসমান আরও বলেন, নেত্রীর কাছে চাওয়ার কিছু নেই। আপনি সব দিয়েছেন। আমার নারায়ণগঞ্জের মানুষ মেট্রোরেলে উঠতে চায়। সন্তান কখনও মায়ের কাছে চায় না। মা সন্তানের আবদার এমনিতেই পূরণ করে দেয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী কায়সার হাসনাত ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী প্রমুখ উপস্থিত ছিলেন।