আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ২০২৩ পুরস্কারে মনোনয়ন পেয়েছেন তিন ভারতীয় ক্রিকেটার- বিরাট কোহলি, শুবমান গিল ও মোহাম্মদ শামি। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কেউ নেই এ তালিকায়। ভারতের তিনজনের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।
অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ থাকায় ২০২৩ সালের বেশির ভাগজুড়ে হয়েছে ওয়ানডে ক্রিকেট। দল হিসেবে সবচেয়ে বেশি ৩৫টি ম্যাচ খেলেছে ভারত, বছরের সেরা পারফরম্যান্সেও যার ছাপ পড়েছে। ওপেনার শুবমান গিল বর্ষসেরায় মনোনয়ন পেয়েছেন ২৯ ম্যাচে ১৫৮৪ রান তুলে, যা বিগত বছরে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ । ঘরের মাঠের বিশ্বকাপে ৪৪.২৫ গড়ে ৩৫৪ রান তুলেছিলেন গিল। টুর্নামেন্টে কোনো সেঞ্চুরি না থাকলেও চারটি ফিফটি করেছিলেন।
স্বপ্নের মতোই বিশ্বকাপ কাটিয়েছেন কোহলি। টুর্নামেন্ট-সেরা হওয়ার পথে ৭৬৫ রান তোলেন তিনি, যা এক বিশ্বকাপে সর্বোচ্চ। ১১ ইনিংসের ৯টিতেই পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছিলেন। সব মিলিয়ে ২০২৩-এ ২৭ ওয়ানডেতে ১৩৭৭ রান করেন কোহলি। শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভেঙে গড়েন ৫০ সেঞ্চুরির রেকর্ড।
মোহাম্মদ শামি মাত্র ১৯ ওয়ানডেতে ৪৩ উইকেট নিয়েছেন, যার মধ্যে বিশ্বকাপেই নেন টুর্নামেন্ট-সর্বোচ্চ ২৪ উইকেট।
ড্যারিল মিচেল ২৬ ওয়ানডেতে করেন ১২০৪ রান। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে এক বছরে যা তৃতীয় সর্বোচ্চ। এর মধ্যে বিশ্বকাপে ভারতের বিপক্ষে দুটি সেঞ্চুরিসহ করেন ৫৫২ রান।
বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার পুরস্কারে মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ইংল্যান্ডের স্কিভার-ব্রান্ট ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার।
মনোনয়ন তালিকায় জায়গা পাওয়া চারজনের মধ্যে একজন বর্ষসেরার স্বীকৃতি পাবেন গণমাধ্যম প্রতিনিধিদের প্যানেল, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে। আইসিসির ওয়েবসাইটের মাধ্যমে সমর্থকেরা ভোট দিতে পারবেন।