নির্বাচনে সাংবাদিকদের সহায়তায় মিডিয়া সেন্টার উদ্বোধন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিডিয়া সেন্টার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ মিডিয়া সেন্টার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে তিনি বলেন, দেশি-বিদেশি সাংবাদিকদের সুবিধার জন্য এ মিডিয়া সেন্টার স্থাপিত হয়েছে। এখানে সাংবাদিকরা সব ধরনের লজিস্টিক সুবিধা পাবেন। নির্বাচনে আপনাদের (সাংবাদিকদের) বিশেষ ভূমিকা রয়েছে। আমরা আশা করব আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।

এর আগে নির্বাচনের অগ্রগতি জানাতে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করে নির্বাচন কমিশন। ব্রিফিং শেষে তথ্য অধিদপ্তরের উদ্যোগে স্থাপিত মিডিয়া সেন্টার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এ সময় তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হুমায়ুন কবীর খোন্দকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।