ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্ট জিতেছে ভারত। আজ কেপ টাউনে রোহিত শর্মার দল হারায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। মাত্র ৬৪২ বলে শেষ হয় কেপটাউন টেস্ট। এমন ম্যাচের পর রোহিত কথা বললেন পিচ নিয়ে।
অতীতে ভারত নিজেদের মাটিতে স্পিনিং উইকেট তৈরি করে বেশ কয়েকবার সমালোচিত হয়েছিল। বেশ কয়েকটি টেস্টের পিচকে ‘বাজে' আখ্যাও দিয়েছে আইসিসি। সে সব ঘটনার দিকে ইঙ্গিত করে ভারত অধিনায়ক বললেন, 'আমরা দেখেছি এই ম্যাচে কি হয়েছে। পিচ কেমন আচরণ করেছে। সত্যি বলতে এমন পিচে খেলতে আমার আপত্তি নেই। যতখন পর্যন্ত সবাই ভারত নিয়ে মুখ বন্ধ রাখবে এবং ভারতের পিচ নিয়ে অভিযোগ না করবে। এখানে আমরা নিজেদেরই চ্যালেঞ্জ জানাতে এসেছি। যখন অন্যরা ভারতে যায়, তারাও চ্যালেঞ্জ নিতেই যায়।'
রোহিত আরও বলেন, 'ম্যাচ রেফারি কীভাবে পিচ রেটিং প্রস্তুত করেন, সেটি দেখতে পারলে আমার ভালো লাগবে। আমরা জানি, ভারতে প্রথম দিন থেকে বল স্পিন করে। যেটাকে বলা হয়, ঠিক নয়। কিন্তু বল যদি প্রথম দিন থেকে সিম করে, তাহলে ঠিক আছে। এটা ঠিক নয়।’
গেল ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনালের পর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে 'গড়পড়তার নিচে' বলে রেটিং দিয়েছিল আইসিসি। রোহিত বলেন, 'আমার এখনো বিশ্বাস হয় না, বিশ্বকাপ ফাইনালের উইকেটকে গড়পড়তার নিচে বলা হয়েছে। একজন ব্যাটসম্যান (ট্রাভিস হেড) শতক করেছিল। সেই উইকেট কীভাবে বাজে হয়?'
জোহানেসবার্গে ইনিংস ও ৩২ রানে হেরেছিল ভারত। রোহিতের দল সিরিজ ১-১ সমতা নিয়ে দেশে ফিরছে।