২০২২-২৩ হিসাববছরে ১৩ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে দেশের অন্যতম বড় রিটেইল চেইনশপ ‘স্বপ্ন’। এর আগে ২০২১-২২ অর্থবছরে প্রায় ২০ লাখ টাকা পরিচালন মুনাফা করে প্রতিষ্ঠানটি এবং অবচয় খরচ ব্যতীত গত ৫ বছর টানা পরিচালন মুনাফায় রয়েছে ‘স্বপ্ন’।
২০০৮ সালে যাত্রা শুরুর পর বর্তমানে রাজধানীসহ দেশের ৬২ জেলায় স্বপ্নের কার্যক্রম রয়েছে। করোনা মহামারীর মধ্যেও সুপারশপটি তাদের ব্যবসার প্রসার ঘটিয়েছে। ২০২০ সালের মার্চে করোনার সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৪৪০টি আউটলেট চালু করেছে স্বপ্ন। মহামারীর মধ্যে গ্রাহকের নিরাপত্তায় নেওয়া নানা কার্যক্রম ও ঘরে পণ্য পৌঁছে দেওয়ার সেবা (হোম ডেলিভারি) স্বপ্নের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির।
তিনি বলেন, সাধারণত সুপার মার্কেটের ব্যবসায় মুনাফার দেখা পেতে বেশ সময় লাগে। যাত্রার শুরুতেই আমাদের ৭০টির বেশি আউটলেট ছিল। সেগুলো ব্যবসায় খুব একটা ভালো করছিল না, তাই অনেকগুলো আউটলেট বন্ধ করতে হয়। আমাদের অনেক বিনিয়োগ ছিল। অবচয় খরচসহ আরও অনেক খরচ ছিল, যা পরিচালন খরচের মধ্যেই চলে আসে। এ ছাড়া সুপারশপের ব্যবসায়িক মডেলে দেখা যায়, ব্র্যান্ডের প্রতি গ্রাহকের বিশ্বাস অর্জনে বেশ সময় লাগে। এবারও আমরা বেশ বড় অঙ্কের পরিচালন মুনাফা করেছি।
সাব্বির হাসান নাসির জানান, সুপার মার্কেট ক্যাটাগরিতে ২০১৬ সাল থেকে টানা ৭ বছর বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে স্বপ্ন। এ ছাড়া এ বছর সমস্ত ক্যাটাগরির মধ্যে ষষ্ঠ ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে এবার স্বপ্ন।
স্বপ্ন জানিয়েছে, সারা দেশে স্বপ্নের ৪৪০টি আউটলেটে ৪ হাজারের বেশি কর্মী নিযুক্ত রয়েছে। দিনে প্রায় ৭০ হাজারেরও বেশি গ্রাহকসেবা প্রদান করে স্বপ্ন। বিজ্ঞপ্তি