পূজার পরপর মুক্তি পেলেও বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি বিধু বিনোদ চোপড়া পরিচালিত ছবি 'টুয়েলভথ ফেল'। ফিল্ম ক্রিটিকদের থেকে পেয়েছে তুমুল প্রশংসা। তবে সদ্য ওটিটিতে মুক্তি পাওয়ার পর হইচই ফেলে দিয়েছে ছবিটি। চর্চায় উঠে এসেছে ছবির গল্প থেকে অভিনয়।
যার জীবনের উপর ভিত্তি করে ছবিটি বানানো হয়েছে সেই মনোজ কুমার শর্মার সঙ্গে দেখা করেছিলেন পরিচালক বিধু বিনোদ চোপড়া। তাদের সেই সাক্ষাতের একটি ভিডিও শেয়ার করেছেন পরিচালক। সেখানে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার সঙ্গে তার স্ত্রী আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীকেও দেখা যাচ্ছে। ছবিটির স্ক্রিপ্ট রিডিং সেশনের সময় তাদের দেখা হয়েছিল। তখন তাকে দেখেই কেঁদে ফেলেন মনোজ কুমার শর্মা।
ভিডিওতে দেখা যাচ্ছে, মনোজ কুমার শর্মা যখন কাঁদছেন তাকে জড়িয়ে ধরে আছেন পরিচালক। মনোজ কুমার শর্মা যে কেবল এই ছবিটি বানানোর ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছেন এমনটা নয়। তিনি বাস্তবেও অনেককে অনুপ্রেরণা জুগিয়েছেন।
টুয়েলভথ ফেল ছবিটিতে উচ্চাকাঙ্ক্ষা, আশা, প্রত্যাশা, মন দিয়ে পড়াশোনা করা, চেষ্টা, এবং হাজারো প্রতিকূলতার পর লক্ষ্যপূরণের গল্প উঠে এসেছে। এই ছবিটি তৈরি করা হয়েছে অনুরাগ পাঠকের গল্পের বইয়ের ভিত্তি। তার লেখা এই বইটি অন্যতম সেরা বিক্রিত বই যেখানে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীর গল্প বলা হয়েছে। বিক্রান্ত মাসে ছাড়াও এই ছবিতে আছেন মেধা শঙ্কর। বিক্রান্তের বিপরীতেই তাকে দেখা গিয়েছে এখানে।